
ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্ট ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করতে পারেন কি না,এই প্রশ্নে আগামী ২৭ মে শুনানির নির্দেশ দিয়েছেন আমেরিকার একজন বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ইন্টারনাল রেভিনিউ সার্ভিস,আইআরএস-এর বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা দায়ের করার প্রেক্ষিতে এই নির্দেশ এলো।
উল্লেখ্য,চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প তার দুই ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়র এবং তাদের পারিবারিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে আইআরএস-এর বিরুদ্ধে এই মামলাটি করেন। তার দাবি, ব্যক্তিগত কর-সংক্রান্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তার ব্যবসায়িক ক্ষতি হয়েছে-এই কারণে তিনি ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইছেন। চার পৃষ্ঠার একটি নথিতে মার্কিন জেলা আদালতের বিচারক ক্যাথলিন উইলিয়ামস মামলার উভয় পক্ষের আইনজীবীদের আগামী ২৭ মে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।ওই নথিতে বিচারক উইলিয়ামস লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ব্যক্তিগতভাবে মামলাটি করেছেন,কিন্তু একই সঙ্গে তিনি বর্তমান প্রেসিডেন্টও বটে।
আর যে সংস্থাগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলো তারই নির্দেশনার অধীনে পরিচালিত হয়। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প নিজেই এ বিষয়ে রসিকতা করেছেন বলেও বিচারক ইঙ্গিত করেন।








