
খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিজেদের নাগরিকদের ওপরই পাকিস্তানী বায়ুসেনার হামলার ঘটনায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাকিস্তানকে খোঁচা দিয়েছে ভারত। মাত্র দু’দিন আগেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে বোমা ফেলে শাহবাজ শরিফের সেনা।
মৃত্যু হয় ৩০ জন সাধারণ নাগরিকের। তার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। আর এই ঘটনাকে উল্লেখ করেই রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগীকে বলতে শোনা গেল, পাকিস্তান এমন এক দেশ যারা রাষ্ট্রপুঞ্জ চিহ্নিত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, আবার সাধারণ মানুষের উপরে বোমা ফেলে। অধিবেশনে বক্তব্য রাখার সময় ক্ষীতিজ দাবি করেছেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে ধরনের দাবি করছে তা ভিত্তিহীন ও উসকানিমূলক।
সেই সঙ্গেই সাম্প্রতিক ঘটনাটির উল্লেখ করে ইসলামাবাদকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর কথায়, ভারতের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকা এক প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য এই মঞ্চের অপব্যবহার করে চলেছে।
