
সন্ত্রাস মোকাবিলায় স্বল্পমেয়াদি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ – দু’ধরনের পরিস্থিতির জন্যই ভারতকে প্রস্তুত থাকতে হবে। সম্প্রতি আইআইটি বম্বের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দিয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।
দেশের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরাসরি কোনও দেশের নাম নেননি। কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েই পাকিস্তান এবং চিনকে তুলোধনা করেন। সিডিএস-এর বক্তব্যে উঠে আসে, ভারতের দু’জন প্রধান প্রতিপক্ষের কথাই – যাদের একজন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং অন্যজন পারমাণবিক অস্ত্রে সজ্জিত। এই পরিস্থিতিতে কৌশলগত ভারসাম্য ভাঙতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সিডিএসের কথায়, সন্ত্রাসবাদ দমনে ভারতকে প্রস্তুত থাকতে হবে স্বল্প সময়ের, অত্যন্ত তীব্র সংঘর্ষের জন্য। যার উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন অপারেশন সিঁদুর-এর মতো অভিযান। একই সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধের কারণে দীর্ঘস্থায়ী, স্থলভিত্তিক যুদ্ধের প্রস্তুতিও জরুরি বলে জানান তিনি, যদিও এমন পরিস্থিতি এড়ানোর ওপরই জোর দেন।
