
ভারতীয় নৌসেনাকে শীঘ্রই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং ডুবোজাহাজ বিধ্বংসী প্রযুক্তিতে সজ্জিত মাল্টি-রোল স্টেলথ্ গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস তমাল দিতে চলেছে রাশিয়া। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে ইয়নটার শিপইয়ার্ডে নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ্ গাইডেড মিসাইল ফ্রিগেট’গুলির অন্যতম তমাল।
২০১৬ সালের সমঝোতা এবং ২০১৮ সালে সই হওয়া চূড়ান্ত চুক্তি অনুযায়ী আইএনএস তলোয়ার শ্রেণির চারটি স্টেল্থ ফ্রিগেট বানাচ্ছে রাশিয়া। চুক্তির মোট অঙ্ক ২৫০ কোটি ডলার। এই তালিকার প্রথমটি, আইএনএস তুষিল ইতিমধ্যেই ভারতীয় নৌসেনায় যোগ দিয়েছে। এ বার পালা আইএনএস তমালের।
অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ পরিচালনা এবং যুদ্ধকৌশলের প্রশিক্ষণে অংশ নিতে এখন রাশিয়ায় রয়েছেন ভারতীয় নৌসেনার ২০০ জন অফিসার এবং কর্মী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, চলতি বছরের জুন মাসেই আনুষ্ঠানিক ভাবে নৌসেনায় যোগ দিয়ে সমুদ্রযুদ্ধের মহড়ায় অংশ নেবে আইএনএস তমাল।








