
অপারেশন সিঁদুরে ব্যবহৃত এস ৪০০ বা সুদর্শনের সংখ্যা আরও বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি টাকার বাণিজ্য করতে চলেছে ভারত।
প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, অপারেশন সিঁদুরে সুদর্শনের শক্তি ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে বিশ্ব। দেশের বায়ুসেনার শক্তি বাড়াতেই এই পদক্ষেপ। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রণালয় শীঘ্রই প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের কাছে এই বিষয়ে অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করতে পারে। আগামী ২৩ অক্টোবর এই বিষয়ে পরবর্তী বৈঠক হতে চলেছে।
প্রসঙ্গত, রাশিয়ায় তৈরি এই সুরক্ষাকবচ বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এটি । ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তান ও চিনকে নজরে রাখতে ৩টি এস ৪০০ বা সুদর্শন মোতায়েন রয়েছে রাজস্থান,পাঞ্জাব ও উত্তর-পূর্বে।
