
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে সোচ্চার হয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে যে নির্যাতন চলছে, তার বিরুদ্ধে ভারত সরকারের আওয়াজ তোলা উচিৎ।
বাংলাদেশের সঙ্গে কথা বলে এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের রক্ষা করা উচিৎ। তাঁর কথাতে উঠে এসেছে ইন্দিরা গান্ধীর কথাও। পাশাপাশি সাউথ ব্লকে অবস্থিত ভারতের সেনা প্রধানের অফিসের লাউঞ্জ থেকে পাক সেনাদের আত্মসমর্পণের ছবি সরানো নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ। তিনি বলেছেন, ওই ছবি সরিয়ে ফেলা ঠিক নয়। এটি একটি জাতীয় ইস্যু একে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। ওই ছবি ভারতের নেতৃত্ব ও সামরিক শক্তির ঐতিহাসিক ছবি। এটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত।
লোকসভায় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ছবিটি স্যাম মানেকশ অডিটোরিয়ামে সম্পূর্ণ সম্মানের সঙ্গে রাখা আছে। আরও বেশি মানুষকে আরও বেশি অনুপ্রেরণা দিতেই ছবিটি সেখানে রাখা হয়েছে।







