
রাষ্ট্রসংঘে ফের একবার সন্ত্রাসী পাকিস্তানকে তুলোধোনা করেছে ভারত। সম্প্রতি রাষ্ট্রসংঘের ফোর্থ কমিটির বৈঠকে ভারতের বিরুদ্ধে একের পর এক ভুয়ো অভিযোগ তুলেছিল পাকিস্তান।
যার পালটা বক্তব্য রাখতে গিয়ে প্রেমচন্দ্রন বলেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পাকিস্তান বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে লাগাতার মিথ্যা ছড়াচ্ছে। যে দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির অস্ত্র হিসেবে ব্যবহার করে, তারা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে কলুষিত করার চেষ্টা করছে। পাকিস্তান হিংসা, গোঁড়ামি, অসহিষ্ণুতা এবং সন্ত্রাসের আঁতুড়ঘর।
ভারত পহেলগাঁও হামলার কথা ভোলেনি। এর পাশাপাশি অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমন-পীড়ন নীতির বিরুদ্ধে সরব হন বাম সাংসদ। প্রেমচন্দ্রন বলেছেন, ভারত পাকিস্তানকে স্পষ্টভাবে জানাচ্ছে তারা যেন অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে। ওখানকার মানুষ নিজেদের মৌলিক অধিকার এবং স্বাধীনতার জন্য আন্দোলন করছে।
