
পাকিস্তানের সমস্ত রিপোর্টই সন্দেহজনক। বিশ্বশান্তি প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে এমনই মন্তব্য করেছে ভারত। বিশ্বজুড়ে শান্তি বজায় রাখার প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে শুরু হয়েছে বিশেষ অধিবেশন।
সেখানে বক্তৃতা দিতে গিয়ে একাধিক ইস্যু নিয়ে ভারতকে নিশানা করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আক্রম। তারপরেই জবাবি ভাষণে প্রতিবেশী দেশকে কড়া জবাব দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ। নাম না করে পাকিস্তানকে নিশানা করে রুচিরা কম্বোজ বলেছেন, এই সম্মেলনে ভারত চেষ্টা করছে যেন বর্তমানের কঠিন সময়ে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। সেই জন্যই নির্দিষ্ট কয়েকটি দেশের বক্তব্যকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ প্রথমত তাদের বক্তব্যে শালীনতা নেই। তাছাড়াও এই দেশগুলোর অবস্থানের জেরে শান্তি প্রতিষ্ঠায় রাষ্ট্রপুঞ্জের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে। কারণ এই দেশগুলো খুব ধ্বংসাত্মক প্রকৃতির। এমন একটা দেশের কথায় কি ভরসা করা উচিত, যাদের সমস্ত রিপোর্ট নিয়েই সন্দেহের অবকাশ রয়েছে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদও যে বিশ্বশান্তির পরিপন্থী, সেকথা মনে করিয়ে দিয়েছেন রুচিরা কম্বোজ। সাম্প্রতিককালে যেভাবে বিশ্বের নানা প্রান্তে হিংসা ছড়িয়ে পড়েছে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় প্রতিনিধি।








