
বাংলাদেশ থেকে নয়টি পণ্য এখন আর স্থল বন্দর দিয়ে আমদানি করবে না ভারত। একমাত্র মুম্বইয়ের নভোসেবা বন্দর ব্যবহার করে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতে ওই নয় ধরনের পণ্য রফতানি করতে পারবেন। পণ্যগুলির মধ্যে আছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো ও বিশেষ ধরনের কাপড়।
ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের জারি করা নয়া নিষেধাজ্ঞার অর্থ ভারত ওই পণ্যগুলি আর বাংলাদেশের কাছ থেকে নিতে আগ্রহী নয়। এর আগে দু বার গত ৯ এপ্রিল এবং ১৭ মে বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত।
১ এপ্রিলের নির্দেশিকায় বলা হয়েছিল, কলকাতা বন্দর ও স্থল বন্দরগুলি ব্যবহার করে তৃতীয় কোনও দেশে তৈরি পোশাক রফতানি করতে পারবে না বাংলাদেশ। ১৭ মে-র নির্দেশিকায় বলা হয়, তৈরি পোশাক, প্লাস্টিক ও কাঠের আসবাবপত্র প্রক্রিয়াজাত খাবার প্লাস্টিক, সুতো থেকে তৈরি সামগ্রী, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি ভারতে রফতানি করতে পারবে না বাংলাদেশ।
