
আগামী পাঁচ বছরের মধ্যে ভারত বিশ্বের নম্বর ওয়ান অটোমোবাইল প্রস্তুতকারক দেশ হওয়ার লক্ষ্যে এগোচ্ছে। এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। গডকরি বলেছেন, ভারত ইতিমধ্যেই জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার হয়ে উঠেছে।
আজ বিশ্বের প্রায় সব প্রধান গাড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড ভারতে উপস্থিত। তাদের দৃষ্টি এখন শুধুমাত্র গাড়ি সংযোজন নয়, বরং সেগুলি ভারত থেকে বিশ্ববাজারে রপ্তানির দিকে। তিনি উল্লেখ করেছেন, ভারতের দুই চাকার যানশিল্প একাই তার উৎপাদনের অর্ধেকের বেশি রফতানি করছে, যা বিশ্বের বাজারে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।
পরিবেশবান্ধব প্রযুক্তিতে নেতৃত্বের লক্ষ্যে, কেন্দ্র সরকার ইলেকট্রিক যানবাহন, হাইড্রোজেন ফুয়েল ও বিকল্প জ্বালানির উপর জোর দিচ্ছে বলে জানান গড়করি। তিনি বলেছেন, ইতিমধ্যেই হাইড্রোজেনচালিত ট্রাক চালু করেছে এবং দেশের দশটি রুটে পরীক্ষামূলক প্রকল্প চলছে। ভারতের লক্ষ্য, সবুজ পরিবহণের দুনিয়ায় নেতৃত্বে থাকা।





