
রাশিয়ায় কাজে গিয়ে সে দেশের সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন ভারতীয়রা। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি।
বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই বিষয়ে সতর্ক করা হল রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দের। বিষয়টি নিয়ে রুশ প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। বৃহস্পতিবার সকালে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে প্রকাশ করেন। ওই বিবৃতিতে রুশ সেনাবাহিনীতে যোগদানের প্রস্তাবে রাজি না-হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দের। বিবৃতিতে লেখা হয়েছে, সম্প্রতি জানা গেছে ভারতীয় নাগরিকদের রুশ সেনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ভারত সরকার গত এক বছর ধরে বহু বার এর ঝুঁকি সম্পর্কে ভারতীয়দের অবহিত করেছে।
একই সঙ্গে ওই বিবৃতিতে লেখা হয়েছে, নয়াদিল্লি এবং মস্কোতে ভারত রুশ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে। বলা হয়েছে যে, এই ব্যবস্থা বন্ধ করে আমাদের নাগরিকদের মুক্তি দেওয়া উচিত।
