
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আসন্ন বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৫ অগাস্ট বৈঠকের জন্য আমেরিকা এবং রাশিয়া যে সমঝোতায় পৌঁছেছে, তাকে ভারত স্বাগত জানাচ্ছে।
এই বৈঠকের মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য পথ খুলে যেতে পারে বলেও মনে করছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অতীতে বার বার বলেছেন এটি যুদ্ধের সময় নয়, তা-ও বিবৃতিতে উল্লেখ করেছে নয়াদিল্লি। আমেরিকার সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মাঝেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে ভারত। এই আবহে নয়াদিল্লির এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে ভারতের উপর অসন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার কারণে ভারতের উপর শুল্ক বৃদ্ধি করে ৫০ শতাংশ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনাও বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।





