
ভোটচুরি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব নির্বাচন কমিশন ও বিজেপি সরকারকে তোপ দেগে সপা সাংসদ ইঙ্গিত দিয়েছেন, ভোটচুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি হতে পারে। রাস্তায় নামতে পারে জনতা।
একইসঙ্গে অযোধ্যা বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অখিলেশের দাবি, এই নির্বাচনে ৫ হাজার লোককে বাইরে থেকে এনে ভোট দেওয়ানো হয়েছে। অখিলেশ যাদব বলেছেন, নির্বাচন কমিশনের উচিত ভোট যাতে চুরি না হয় তা নিশ্চিত করা। কমিশনকে ভোটচুরি ও ডাকাতি রুখতে হবে।একইসঙ্গে কুন্দারকি, রামপুর, মীরাপুর বিধানসভা উপনির্বাচনের কথা উল্লেখ করে সমাজবাদী পার্টির প্রধান বলেছেন, যখন ভোটচুরি করতে পারেনি তখন রিভলভার বের করে ভোট বন্ধ করেছে। এরপরই অযোধ্যা উপনির্বাচনের কথা তুলে ধরে অখিলেশ বলেছেন, অযোধ্যাতে ৫ হাজার মানুষ বাইরে থেকে এসে ভোট দিয়েছেন।
একজন মন্ত্রীর সহযোগী ধরা পড়েছিল। যদি এভাবে ভোট ডাকাতি চলতে থাকে, তাহলে এখানকার মানুষও প্রতিবেশী দেশগুলির পথে হাঁটতে পারে। দেশের মানুষ রাস্তায় নেমে পড়তে পারেন। উল্লেখ্য,এর আগে বাংলাদেশেও একইরকম ঘটনা ঘটেছিল। কোটা সংস্কার অন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে সেখানকার জনতা।








