
ইসলামাবাদ হয়তো কোনওদিন নয়াদিল্লির কাছে তেল বিক্রি করবে। এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, পাকিস্তানের সঙ্গে এই অংশীদারিত্বের জন্য একটি আমেরিকান তেল কম্পানি নির্বাচনের প্রক্রিয়া চলছে।
ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমেরিকা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে, যার মাধ্যমে দুই দেশ একসঙ্গে পাকিস্তানের বিপুল তেল মজুদ উন্নয়নে কাজ করবে। বর্তমানে আমেরিকান একটি তেল কম্পানি বাছাইয়ের প্রক্রিয়া চলছে। কে জানে, একদিন হয়তো পাকিস্তানই ভারতকে তেল রফতানি করবে! এই ঘোষণার আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ১ অগাস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। সঙ্গে ছিল রাশিয়া থেকে ভারতের জ্বালানি ও প্রতিরক্ষা পণ্যের আমদানি নিয়ে অতিরিক্ত শাস্তিমূলক করের হুমকি, যদিও এর নির্দিষ্ট হার তখনো জানানো হয়নি।
বিশ্বে তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল ব্যবহারকারী দেশ ভারত। যার প্রায় ৮৮ শতাংশ তেল আমদানি নির্ভরশীল। বর্তমানে ভারতের আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে। এরপর রয়েছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র।








