
পিএনবি-র ঋণখেলাপি, পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারত প্রত্যর্পণের আইনি জটিলতা কার্যত কেটেছে। ভারতে প্রত্যর্পণের আর্জিতে আগেই সায় দিয়েছিল বেলজিয়ামের নিম্ন আদালত।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চোকসি সে দেশের সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন, সেটাও খারিজ হয়ে গেল। যার অর্থ, মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণে আর কোনও বাধা রইল না। পিএনবি থেকে ১৩ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে গুজরাটের বছর পঁয়ষট্টির হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে। গুজরাটের এই হিরে ব্যবসায়ী ২০১৮ সালে দেশ ছেড়ে পালান। সেই সময় দেশ ছাড়েন আরেক ঋণখেলাপী তাঁরই ভাইপো নীরব মোদীও। প্রথমে গা ঢাকা দিয়েছিলেন দ্বীপদেশ অ্যান্টিগায়। আদালতে বারবার চোকসি জানান, তিনি আর ভারতীয় নন, অ্যান্টিগার নাগরিক। কিন্তু এদেশের নাগরিকত্ব ছাড়েননি। ফলে নিয়ম মেনেই বিদেশ থেকে তাঁকে প্রত্যর্পণে পদক্ষেপ করে নয়াদিল্লি।
২০২৪ সালে সিবিআই জানতে পারে, চোকসি বেলজিয়ামে গা ঢাকা দিয়েছেন। তখনই বেলজিয়াম সরকারের কাছে প্রত্যর্পণের আর্জি জানানো হয়। সেখানকার আদালতের নির্দেশে এপ্রিল মাসে হাসপাতাল থেকে গ্রেফতার হন প্রতারক হিরে ব্যবসায়ী।







