
চিন এবং রাশিয়ার পরে এ বার গৃহযুদ্ধের অভিঘাত সামলাতে ভারতের দ্বারস্থ হয়েছে মায়ানমারের সামরিক জুন্টা সরকার। রাজধানী নেপিডোয় ভারতীয় দূতাবাসে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী অং সান এবং উপ-বিদেশমন্ত্রী লুইন বৈঠক করতে গিয়েছিলেন বলে মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চির সমর্থক স্বঘোষিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তা জানিয়েছে।
মায়ানমারের ভারতীয় রাষ্ট্রদূত অভয় ঠাকুর এবং বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা ওই বৈঠকে হাজির ছিলেন। প্রকাশিত খবরে দাবি, আলোচনায় বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য এবং পরিবহণক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি ‘পারস্পরিক কৌশলগত স্বার্থের ক্ষেত্রে সহযোগিতার পথ অনুসন্ধান’ করার বিষয়টিও এসেছে। আর তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা।
এর আগে নেপিডোর ভারতীয় দূতাবাসে ওই বৈঠক চালাকালীন জুন্টা প্রধান হ্লাইং রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করছিলেন। ওই বৈঠকের পরে মায়ানমারে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগের কথা ঘোষণা করেছেন পুতিন। তার আগে বিদ্রোহী জোটের অগ্রগতি ঠেকাতে সামরিক জুন্টা সরকারকে ছ’টি আধুনিক যুদ্ধবিমানও দিয়েছেন তিনি।
