
এবার দেশের নিরাপত্তার স্বার্থে সেনা আধিকারিকদের যোগযোগের জন্য দেওয়া হচ্ছে সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে তৈরি বিশেষ স্মার্টফোন সম্ভব। ফিফথ জেনারেশনের এই স্মার্টফোন শত্রুপক্ষের নজরদারি এড়াতে সক্ষম।
এতে কথোপকথনের পাশাপাশি থাকছে নিজস্ব অ্যাপ্লিকেশন। দীর্ঘ আলোচনার পর গত অক্টোবর মাসে ডেপসাং ও ডেমচক সীমান্ত থেকে পিছু হটেছে ভারত ও চিনের সেনা। জানা যাচ্ছে, সেই সমঝোতার সময় সম্ভব নামের এই স্মার্টফোনের মাধ্যমেই আলোচনা সেরেছিল ভারতের সেনাবাহিনী। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, নিরাপদ যোগাযোগের লক্ষ্যে অত্যন্ত কার্যকরি এই ফোন। চিন সীমান্তে টানাপোড়েনের সময় এই ফোনই ব্যবহার করা হয়েছিল ভারতীয় সেনার তরফে। এবার এই ফোন দেশের সেনা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, নিরাপদে কথোপকথন চালাতে ৩০ হাজার সম্ভব ফোন সেনা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সম্ভব নামের এই স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ নেই। তার বদলে রয়েছে এম-সিগমা নামে নিজস্ব অ্যাপ। যার মাধ্যমে যোগাযোগ ও নথিপত্র সহজে পাঠানো যায়। জিও বা এয়ারটেলের মতো টেলিকম সংস্থার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সেনা আধিকারিকরা।
শুধু তাই নয়, জানা যাচ্ছে, এই ফোনে কারও নম্বর সেভ করারও প্রয়োজন পড়বে না। কারণ। সব সেনা আধিকারিকদের নম্বর এতে আগে থেকেই সেভ করা থাকছে।
