
অপারেশন সিঁদুরের পরও জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ অব্যাহত রেখেছে পাক সেনা। পাকিস্তানের সেনাবাহিনীর ছোড়া গুলিতে পুঞ্চ সেক্টরে মৃত্যু হয়েছে ভারতের সেনা জওয়ান ল্যান্সনায়েক দীনেশ কুমারের।
বছর বত্রিশের ওই জওয়ান পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটিতে টহল দিচ্ছিলেন। নিয়ন্ত্রণরেখার ও পার থেকে ছুটে আসে গোলা। সেই গোলার আঘাতে গুরুতর জখম হন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে নয়াদিল্লিও। যে কোনও ধরনের পাক হামলা রুখতে নিয়ন্ত্রণরেখা বরাবর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিটগুলিকে সক্রিয় করে রাখা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে গ্রামবাসীদের। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পাঞ্জাব প্রদেশের ন’টি লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা চালিয়েছে বায়ুসেনা। আর এই অভিযানের পর থেকেই
নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলি লক্ষ্য করে গোলা এবং গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জম্মুর পুঞ্চ জেলাতেই। সেখানেই মৃত্যু হয়েছে ১৩ জনের।
