
আশঙ্কাই সত্যি করে ডলারের নিরিখে টাকার দাম কমতে কমতে পেরিয়ে গেল ৯০ টাকার গণ্ডি। বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীল হওয়ার কোনও লক্ষণ নেই টাকার।
বিশ্ব জুড়ে বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে জমা পুঁজি তুলে নেওয়ার ফলে নজিরবিহীন ভাবে তলানিতে ঠেকেছে ভারতীয় মুদ্রার দর। বেশির ভাগ দেশেরই স্থানীয় মুদ্রার বিপরীতে ডলার শক্তিশালী হওয়ার কারণে কয়েক সপ্তাহ ধরেই এই প্রবণতা দেখা দিয়েছে।
মঙ্গলবার টাকার দর এক ডলারের বিপরীতে ৪২ পয়সা নেমে থিতু হয়েছিল ৮৯.৯৫ টাকায়। বুধবার বাজার খোলার পর সকাল ১০টা নাগাদ ডলারের নিরিখে ১৫ পয়সা কমে যায় দাম। টাকার দাম সর্বকালের সর্বনিম্ন হয়েছে বুধবার। দুর্বল টাকার কারণে রফতানি থেকে আয় কমছে। আমদানি খরচ বাড়াচ্ছে তলানিতে ঠেকা টাকার দাম। বিশেষত আমদানি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ।
