
নেপালে ভয়াবহ বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। নিখোঁজ ২৯ জন। বন্যার সঙ্গেই ভয়াবহ ভূমিধসের জেরে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির একাংশ।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার কাঠমান্ডু। ভূমিধসের জেরে চাপা পড়েছে বাড়ি, গাড়ি সহ রাস্তাঘাট। এই শহরের বেশকিছু অংশের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ। ঘুমন্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩৬ জন।কাঠমান্ডু থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা ভূমিধসে কার্যত বিপর্যস্ত হয়েছে। তবে উদ্ধারকারী দল অস্থায়ীভাবে পৃথ্বী হাইওয়েতে যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করতে সক্ষম হয়েছে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সারা দেশে বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত ২০৯ জন মারা গিয়েছেন এবং নিখোঁজ ২৯ জন। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ঋষি রাম তিওয়ারি জানিয়েছেন, এখনও বহু মানুষকে নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে। অসুস্থদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে সরকারের তরফে।সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, যারা তাদের বাড়িঘর হারিয়েছে তাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হবে। এদিকে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ থেকে ফিরে নেপালের প্রধানমন্ত্রী সংকট মোকাবেলায় জরুরি বৈঠক করেছেন।
