
ভারতীয় যুদ্ধবিমান তেজসে ফের বিপত্তি। সেনাঘাঁটিতে অবতরণের সময়ে রানওয়ে থেকে ছিটকে গিয়েছে যুদ্ধবিমান। যার জেরে দুমড়ে গিয়েছে তেজসের কাঠামো।
যদিও দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে বেরিয়ে এসেছিলেন পাইলট। ফলে হতাহতের কোনও খবর নেই। তবে বিমানটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ভারতীয় বায়ুসেনা আরও একটি তেজস বিমান হারিয়ে ফেলল বলেই মনে করা হচ্ছে।
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস বায়ুসেনার অন্যতম সম্পদ। এই বিমানগুলিতে ব্যর্থতার হার অতি সামান্য। সাম্প্রতিক তেজস বিপর্যয়ের কথা আনুষ্ঠানিক ভাবে এর আগে জানায়নি বায়ুসেনা। সংবাদসংস্থা সূত্র উল্লেখ করে জানাচ্ছে, চলতি মাসের শুরুর দিকে বায়ুসেনা ঘাঁটিতে একটি তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি সাধারণ প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফিরছিল। অবতরণের সময়ে ‘ব্রেক’ কাজ করছিল না।
