
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, আরও একবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হিন্দু সহ সকল সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।
কোনও অজুহাত, কোনও পার্থক্য না করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের নারাবাড়িতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছে ভবেশ চন্দ্র রায় নামে বছর ৫৮-র ব্যক্তিকে। পুলিশের তরফেও এই ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে। ভবেশ চন্দ্র বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয় ছিলেন।
তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরাল ইউনিটের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তাঁর স্ত্রীর দাবি, রাতে বাইকে করে চারজন দুষ্কৃতী আসে এবং বাড়ির সামনে থেকেই ভবেশ চন্দ্রকে ডেকে নিয়ে যায়। একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছে, ভবেশকে নারাবাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়। নৃশংস অত্যাচারেই তাঁর মৃত্যু হয়েছে।







