
বাংলাদেশের সঙ্গে এবার বাণিজ্যে সার্জিক্যাল স্টাইক ভারতের। বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতো, কাঠের আসবাব-র মত পণ্যগুলো আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। পোশাকের জন্য কেবল খোলা থাকছে কলকাতা এবং মুম্বই।
এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাংলাদেশের বাণিজ্যে। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের সমস্ত ল্যান্ড কাস্টম স্টেশন এবং উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি চেকপোস্টে সারাসারি ট্রাক দাঁড়িয়ে পড়েছে। মূলত চ্যাংড়াবান্ধা বন্দর দিয়ে বাংলাদেশ ভারত এবং ভুটানের মধ্যে বাণিজ্য চলে। প্রতিদিন অন্তত ৯০টি ট্রাক এই বন্দর দিয়েই ভারত এবং ভুটানে যায়। ভারতের এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাকচালক ও ব্যবসায়ীরাও এখন প্রবল চাপে। তাঁরা বলছেন এর ফলে ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দেশ চালাচ্ছেন। তখন থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে।









