
নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনায় ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে ঢাকায় তলব করেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।
সেই তলব পেয়েই মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টেয় বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে যান প্রণয় বর্মা। পরে প্রণয় বর্মা বলেছেন, একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। যাই ঘটুক, ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে। ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে দুই দেশের পারস্পরিক নির্ভরতার সম্পর্ক কখনও বাধাগ্রস্ত হবে না। বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে কয়েক দিন ধরেই দু’দেশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দু’দেশের সাম্প্রতিক ঘটনাবলির মাঝে সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে হামলার অভিযোগ ওঠে। এই আবহে আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের ভিসা ও কনস্যুলার সার্ভিস আপাতত বন্ধ করা হয়েছে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মহম্মদ আল আমিন জানিয়েছেন, পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত ভিসা ও কনস্যুলার পরিষেবা আপাতত বন্ধ এই অফিসে।
নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সহকারী দূতাবাস, আগরতলায় সমস্ত ভিসা এবং কনস্যুলার পরিষেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।








