
রাফায় ইজরায়েলের হামলায় প্রথম মৃত্যু হয়েছে এক ভারতীয়র। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের হয়ে রাফায় কর্মরত ছিলেন ওই ব্যক্তি।
তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও।সূত্রে খবর, মৃত ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পরে রাষ্ট্রপুঞ্জের সেফটি অ্যান্ড সিকিইয়োরিটি ডিপার্টমেন্টে যোগ দেন। কর্মসূত্রেই তাঁকে রাফায় যেতে হয়েছিল। পথে যাওয়ার সময়েই ইজরায়েল সেনার হামলায় মৃত্যু হয় ওই ভারতীয়র।অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের সদস্যপদে প্যালেস্টাইনের পক্ষে ভোট দেওয়ার পর ফের একবার গাজার পাশে দাঁড়িয়েছে ভারত। গাজায় লাগাতার হামলার নিন্দা করে ভারতের রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেছেন, যে কোনও সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। ইজরায়েল ও প্যালেস্টাইনের উচিৎ আলোচনার মাধ্যমে অবিলম্বে সমস্যার সমাধান করা। ইজরায়েল দেশের পাশাপাশি নির্দিষ্ট সীমানার মধ্যে বসবাস করুক প্যালেস্টাইনের মানুষ। নিষ্ঠুর এই যুদ্ধের জেরে বিশ্ব মানবিকতা সংকটের মুখে। অসংখ্য মানুষ মারা গিয়েছেন, চরম ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন গাজার মহিলা ও শিশুরা।
