
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত নৌ আধিকারিক বিনয় নারওয়ালের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করার ঘটনায় সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, একজন মহিলাকে তাঁর কোনও মন্তব্যের জন্য বিদ্রুপ করা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।
একই সঙ্গে সমাজমাধ্যমে লেখা হয়েছে, জাতীয় মহিলা কমিশন প্রতিটি মহিলার সম্মান এবং সম্ভ্রম রক্ষায় দায়বদ্ধ। কারও ভাবনা বা বক্তব্যের বিরোধিতা করলে তা শালীনতা মেনেই করা উচিত বলে জানিয়েছে কমিশন। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন বিনয়। স্বামীর নিথর দেহের পাশে হাঁটু মুড়ে বসে থাকা সদ্যবিবাহিতা স্ত্রী হিমাংশীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।
তার পর কয়েক দিন যেতে না-যেতেই হিমাংশীকে নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দেন নেটাগরিকদের একাংশ। তাঁকে আপত্তিকর ভাষা এবং ভঙ্গিতে বিদ্রুপও করা হয়। হিমাংশী সকলের কাছে আর্জি জানিয়ে বলেছিলেন, সকলে তাঁর স্বামীর জন্য প্রার্থনা করুন। ও যেখানেই থাকুক, যেন শান্তিতে থাকে। কারও বিরুদ্ধে কোনও ঘৃণা ছড়াবেন না।








