
গোয়ায় নৌসেনার সাবমেরিনের সঙ্গে ধাক্কায় নৌকা ডুবে নিয়োগ দুই মৎস্যজীবী। ইতিমধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গোয়া উপকূলের কাছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই সংঘর্ষের কথা। মারথোমা নামে মৎস্যজীবীদের একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগার পরই সেটি টুকরো টুকরো হয়ে যায়। নৌকায় থাকা মৎস্যজীবীরা উত্তাল সমুদ্রে পড়ে যান। এই দুর্ঘটনার পরই নৌসেনা উদ্ধারকাজ শুরু করে। জানা গিয়েছে, ১১ জন মৎস্যজীবীকে দুর্ঘটনার পর পরই উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি দুই মৎস্যজীবীর খোঁজ মেলেনি। ওই দু’জনের খোঁজে তল্লাশি জারি রেখেছে নৌসেনা।কী ভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে নৌসেনা সূত্রে খবর। উপকূলরক্ষী বাহিনীও উদ্ধারকাজে নেমেছে।
বাহিনীর একটি নজরদারি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে মৎস্যজীবীদের সন্ধানে। এছাড়াও নৌবাহিনীর ছ’টি জাহাজও উদ্ধারকাজে নেমেছে। সূত্রের খবর, এই দুর্ঘটনার জেরে সাবমেরিনের কোনও ক্ষতি হয়েছে কিনা, সেটিও স্পষ্ট নয়।
ছবি সৌজন্যে : এক্স
