
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে প্রকাশ্য রাস্তায় এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় সন্তোষ যাদব নামে ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সোশ্যাল মিডিয়ায় ঘটনার বিবরণ দিয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছেন তিনি।
পেশায় প্রযুক্তি সংস্থার কর্মী সন্তোষ যাদব লিঙ্কডইনে একটি দীর্ঘ পোস্টে সন্তোষ জানিয়েছেন, রাতের খাবার খেয়ে অ্যাপার্টমেন্টের কাছে হাঁটছিলেন। তখন ছ’জন কিশোর হঠাৎ পেছন থেকে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। চশমা ছিনিয়ে নেয়, ভেঙে ফেলে, তারপর তাঁকে বেধড়ক মারধর করে।
আক্রান্তের দাবি, তাঁর গালের হাড় ভেঙে গেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে তিনি আয়ারল্যান্ড সরকার, ডাবলিনে ভারতীয় দূতাবাস, ভারতের বিদেশ মন্ত্রক এবং আয়ারল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র-সহ একাধিক দপ্তরকে ট্যাগ করে পোস্ট করেন।
