
হরমুজ প্রণালী পার করার সময়ে সাইপ্রাসের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের বাহিনী। ওই জাহাজে ১১ জন ভারতীয় ছিলেন।
তাঁদের মধ্যে দশ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক জন এখনও নিখোঁজ। সূত্রের খবর, ইরানের বাহিনীর হামলায় জিএফএস গ্যালাক্সি নামের ওই জাহাজে আগুন ধরে যায়। কর্মীরা প্রাণভয়ে জাহাজ ছাড়তে বাধ্য হন। ঘটনার নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।সরকার জানিয়েছে, নিখোঁজ নাবিককে খুঁজে বের করতে সংশ্লিষ্ট দেশগুলির প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি, উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের প্রয়োজনীয় সহায়তা এবং দেশে ফেরানোর বিষয়েও নজর রাখছে ভারতীয় দূতাবাস।
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের উপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা এবং বেসামরিক জাহাজের নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
