
কানাডায় রুমমেটের হাতে ভারতীয় পড়ুয়ার খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। কানাডা পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গুরাসিস সিং। ২২ বছর বয়সি গুরাসিস পাঞ্জাবের বাসিন্দা।
কানাডার সারনিয়াতে ল্যাম্বটন কলেজের পড়ুয়া ছিলেন তিনি। জানা গিয়েছে, সারনিয়াতেই ক্রসলি হান্টার নামে এক ব্যক্তির সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন গুরাসিস সিং। ভোরবেলা ক্রসলি হান্টারের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় সেই সংঘাত। তারপরেই রান্নাঘরে থাকা ছুরি দিয়ে গুরাসিস সিংয়ের উপর এলোপাথাড়ি কোপ মারে ক্রসলি হান্টার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গুরাসিস সিংকে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ৩৬ বছরের ক্রসলি হান্টারকে আটক করে পুলিশ। সারনিয়া পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত গোটা ঘটনার তদন্ত চলছে। কী কারণে ভারতীয় পড়ুয়াকে এইভাবে খুন করা হল, খতিয়ে দেখা হচ্ছে সেটাও।
ভারতীয় পড়ুয়ার এমন মর্মান্তিক পরিণতিতে শোকাহত ল্যাম্বটন কলেজও। ওই কলেজের প্রথম বর্ষের পড়ুয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। শেষকৃত্যের জন্য গুরাসিস সিংয়ের দেহ ভারতে ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে।







