
আমেরিকায় চুরির অভিযোগে ধরা পড়লে বাতিল হতে পারে ভিসা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভারতীয় মহিলার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিদেশী নাগরিকদের সতর্ক করেছে মার্কিন প্রশাসন। নয়াদিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাস থেকেও এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ওই ভিডিয়োয় দাবি করা হচ্ছে, এক ভারতীয় মহিলা আমেরিকার একটি দোকান থেকে প্রায় ১৩০০ ডলারের জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। বিষয়টি ধরা পড়ার পরে পুলিশকেও খবর দেন দোকানের কর্মী। পরে ওই মহিলা জিনিসের দাম মিটিয়ে দিতে রাজি হন বলে দাবি করা হচ্ছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। মহিলার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, তা-ও জানা যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার কারও উপর আক্রমণ বা চুরি করলে আইনি সমস্যার মধ্যে তো পড়তে হবেই, একই সঙ্গে ভিসাও বাতিল হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতেও আর কোনও দিন আমেরিকার ভিসা না-ও দেওয়া হতে পারে। তাই আমেরিকায় যাওয়া বিদেশি নাগরিকদের সে দেশের সকল আইন মেনে চলার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।








