
ফের বিদেশের মাটিতে ভারতীয় তরুণীর মৃত্যু। নিউইয়র্কের উত্তরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী ভারতীয় পড়ুয়ার। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা প্রসন্ন আতলুরি নামে ওই তরুণী নিউইয়র্কের পেস ইউনিভার্সিটিতে সদ্য বিজনেস স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।
ঘটনাটি ঘটেছে, গত ৫ জুলাই। তিনি গাড়ি করে নিউইয়র্কের একটি মন্দিরে ভ্রমণে যাচ্ছিলেন। তরুণীর সঙ্গে তাঁর কয়েকজন বন্ধুবান্ধবও ছিলেন। রাস্তার মাঝপথেই তাঁর গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছে তাঁর অন্ধ্রপ্রদেশের পরিবার।
প্রত্যক্ষদর্শীদের মতে, তরুণীর গাড়িটি যখন একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিল তখনই একটি দ্রুতগামী গাড়ি তাঁর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়।সম্প্রতি, আতলুরি আমেরিকায় পড়াশোনা শেষ করে চাকরির সন্ধান করছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না তাঁর। আতলুরির তুতো ভাই রবি কুমার তাঁর মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য তহবিল সংগ্রহ করছে। যাতে তাঁর বাবা-মাকে আর্থিক সাহায্য করা যায়। এখনও পর্যন্ত ৪০,০০০ ডলারেরও বেশি সাহায্য পেয়েছেন মৃত তরুণীর পরিবার।








