
আমেরিকায় ফের খুন ভারতীয় নাগরিক। কর্মসূত্রে আমেরিকায় থাকতেন ২৭ বছরের নিকিতা গোডিশালা। ৩ জানুয়ারি মেরিল্যান্ডের একটি বাড়ি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানতে পেরেছে, ওই বাড়িটির মালিক নিকিতার প্রাক্তন প্রেমিক-র। তিনিও ভারতীয় বংশোদ্ভূত, নাম অর্জুন শর্মা। তাঁর খোঁজ চলছে। ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিকিতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর জন্য নিখোঁজ ডায়েরি করেন প্রাক্তন প্রেমিক অর্জুনই। তদন্তকারীদের অর্জুন জানিয়েছিলেন, মেরিল্যান্ড সিটিতে নিজের বাড়িতে নিকিতাকে তিনি শেষ বার দেখেছিলেন।
নিখোঁজ ডায়েরি করার পরই দেশ ছাড়েন অর্জুন।পুলিশের দাবি, তিনি ভারতে পালিয়ে এসেছেন। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে আমেরিকায়। আমেরিকায় অবস্থিত ভারতের দূতাবাস এই ঘটনার পর বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সম্ভাব্য সকল প্রকার সাহায্যের আশ্বাস তাঁদের দেওয়া হয়েছে।
