
২০২৮ সাল পর্যন্ত আমেরিকার গ্রিন কার্ডের লটারি থেকে বাদ ভারতীয়েরা। অর্থাৎ, আগামী তিন বছর আমেরিকায় অভিবাসনের জন্য গ্রিন কার্ডের লটারিতে ভারতের কেউ যোগ দিতে পারবেন না।
হোয়াইট হাউসের কুর্সিতে দ্বিতীয় বারের জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া হয়েছেন। গ্রিন কার্ড লটারির নিয়ম অনুযায়ী, আগামী অন্তত তিন বছর আমেরিকায় অভিবাসনের অন্যতম সহজ রাস্তা ভারতীয়দের জন্য বন্ধ হয়ে গিয়েছে। বাকি যে রাস্তাগুলি খোলা আছে, তাতেও বাড়ছে কড়াকড়ি। আমেরিকায় অভিবাসীদের মধ্যে বৈচিত্র আনতে গ্রিন কার্ড ভিসা ব্যবস্থা চালু করা হয়েছিল।
এর পোশাকি নাম আমেরিকা ডাইভারসিটি ভিসা লটারি, তবে গ্রিন কার্ড লটারি হিসাবেই এটি পরিচিত। নিয়ম অনুযায়ী, শেষ পাঁচ বছরে যে সমস্ত দেশ থেকে ৫০ হাজারের কম মানুষ আমেরিকায় থাকতে গিয়েছেন, সেই দেশের নাগরিকেরাই লটারিতে সুযোগ পাবেন। ভারত সেই সীমা পেরিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। ভারত ছাড়াও ওই তালিকায় নাম নেই চিন, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং পাকিস্তানের।









