‘ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের মরণফাঁদ’ : ফখরুল

0
36
ছবি সৌজন্যে : এক্স

ফরাক্কা বাঁধ নিয়ে ভারতকে নিশানা করেছেন বাংলাদেশের মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। তাঁর মন্তব্য, ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে!

সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, দু’দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীতে ভারত একের পর এক বাঁধ নির্মাণ করে জল নিয়ে নিচ্ছে। তা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরেই শাসকদল বিএনপিতে ফখরুলের স্থান। তারেক বিদেশে থাকাকালীন যখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন বিএনপির সমস্ত সাংগঠনিক দায়িত্বই ছিল ফখরুলের কাঁধে। তারেক প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁকে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেন। ১৬ মে বাংলাদেশে ফরাক্কা দিবস পালিত হয়। সেই উপলক্ষে দেওয়া বিবৃতিতে এই অভিযোগ করেছেন ফখরুল।