হরিয়ানায় চালু দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন 

0
21
ছবি সৌজন্যে : এক্স

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতীয় রেলের ইতিহাসে ঘটল নয়া বিপ্লব। উদ্বোধন হল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন , সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী এই ট্রেন দেশের জন্য, বিশেষ করে ভারতীয় ইঞ্জিনিয়ারদের জন্য এটি একটি গর্বের মুহূর্ত।

কারণ এই জটিল প্রযুক্তি ভারতে বিকশিত হয়েছে। হাইড্রোজেন একটি পরিচ্ছন্ন জ্বালানী এবং আত্মনির্ভর ভারতে নিজস্ব প্রযুক্তি তৈরি করা গুরুত্বপূর্ণ ছিল। ট্রেনটি জল থেকে উৎপাদিত হাইড্রোজেন ব্যবহার করে, যা মোটরগুলিকে শক্তি দেওয়ার জন্য জ্বালানী কোষের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত হয়। পুরো প্রযুক্তি এবং আইপি ভারতে তৈরি করা হয়েছে। হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত শুরু হচ্ছে এই ট্রেনের পথ চলা। জাপান, চিন, আমেরিকা ও জার্মানির পর ভারতেই প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হল।

বাকি আর পাঁচটা ট্রেনের থেকে অনেকটাই আলাদা হাইড্রোজেন ট্রেন। এর সবথেকে বড় বিশেষত্ব হল, এই ট্রেন চলবে ক্লিন এনার্জি প্রযুক্তিতে। কয়লা বা বিদ্যুৎ নয়, এই ট্রেন চলবে জলীয় বাষ্পে। অক্সিজেন ও হাইড্রোজেনের কেমিক্যাল রি-অ্যাকশনের মাধ্যমে, হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজিতে চলবে এই ট্রেন। ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন হরিয়ানার জিন্দ থেকে ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে। সোনিপত পৌঁছবে মাত্র দুই ঘণ্টায়, সকাল ৯ টা ৪০ মিনিটে। আবার সোনিপত থেকে ছাড়বে সকাল ১০ টা ৪০ মিনিটে , জিন্দে পৌঁছবে দুপুর একটায়।