
কেরিয়ারে প্রথম বার বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন ডি গুকেশ। তা-ও আবার ক্ল্যাসিক্যাল দাবাস। নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের বিরুদ্ধে ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে ছিলেন গুকেশ। সেখান থেকে ফিরে আসেন ভারতীয় দাবাড়ু।
তাঁর কাছে হার মানতে পারেননি কার্লসেন। রেগে টেবিলে ঘুষিও মারেন তিনি। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন গুকেশ। কালো ঘুঁটি নিয়ে খেললেও ম্যাচের শুরু থেকে দাপট দেখান কার্লসেন। কার্লসেনের আক্রমণের জবাবে ভাল রক্ষণ ছিল গুকেশের।
বেশির ভাগ সময় নিজের ঘর সামলাতেই ব্যস্ত ছিলেন তিনি। তাঁর হাতে সময়ও কম ছিল। কিন্তু ৪০ চালের পর খেলা বদলায়। ৪৪ তম চালে ভুল করে বসেন কার্লসেন। তা কাজে লাগান গুকেশ। একটা সময় পর কার্লসেনেরও সময় কমে যায়। তাঁকেও তাড়াহুড়ো করতে হয়। এন্ডগেমে হার মানেন কার্লসেন।
