
পথকুকুর মামলায় অধিকাংশ রাজ্য হলফনামা জমা না দেওয়ায় সুপ্রিম কোর্টের মন্তব্য, এখনও পর্যন্ত কোনও রাজ্য সরকার জবাব দিল না। আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি খারাপ হচ্ছে। দু’মাস দেওয়া হয়েছে। তাও কোনও প্রতিক্রিয়া আসেনি।
পশ্চিমবঙ্গ, তেলঙ্গানার সরকার এবং দিল্লি পুরসভা হলফনামা জমা দিলেও তা নথিভুক্ত হয়নি বলে খবর। কারণ দীপাবলির ছুটি চলাকালীন ওই হলফনামা জমা পড়েছে। মুখ্যসচিবদের সশরীরে হাজিরা দিয়ে আগামী ৩ নভেম্বর আদালতকে এর জবাবদিহি করতে হবে। গত ২২ অগাস্ট দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করেছিল সুপ্রিম কোর্ট।
বলা হয়েছিল, পথকুকুরদের রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যেতে হবে। সেখানে তাদের সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে। তার পর আবার যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ফিরিয়ে দিয়ে যেতে হবে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এই সংক্রান্ত হলফনামা সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথা ছিল।




