রাষ্ট্রপতিকে সরকার গঠনের আবেদন মোদীর 

0
175
Modis appeal to the President to form the government
Modis appeal to the President to form the government

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তৃতীয়বার সরকার গঠনের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধ্যায় সেই প্রস্তাব মেনে নিয়ে প্রধানমন্ত্রীর নিয়োগপত্র নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন রাষ্ট্রপতি।

এদিন রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য জানিয়েছেন তিনি।এক দশকের প্রধানমন্ত্রিত্বে নরেন্দ্র মোদী কখনও সাংবাদিক বৈঠক করেননি। তবে শুক্রবার নিজের বক্তব্য জানালেও প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হননি তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,  তাঁর প্রধানমন্ত্রিত্বের গত দু’দফায় উন্নয়নের যে গতি বজায় ছিল, তৃতীয় দফার পাঁচ বছরেও তা থাকবে। রাষ্ট্রপতি তাঁকে ডেকেছিলেন। সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন, ৯ তারিখ অর্থাৎ রবিবার বিকেলে শপথগ্রহণ হলে ভাল হয়। তারমধ্যেই মন্ত্রীদের তালিকা তিনি রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেবেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, সময়সীমার মধ্যে সব কাজ শেষ করাই নতুন সরকারের লক্ষ্য হবে। গত ১০ বছরের কার্যকালে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হয়েছে, আগামী ৫ বছরে সেটা আরও এগিয়ে নিয়ে যাওয়া তাদের লক্ষ্য হবে। বর্তমান পৃথিবী নানা সংকটে ভুগছে। তারপরও ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। আগামী ৫ বছরে দেশের অর্থনীতিকে বিশ্বের প্রথমসারির অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য হবে।