
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিমান হামলা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। একটি বড় হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠার পর নয়াদিল্লি এই ঘটনাকে নির্মম ও নিন্দনীয় বলে উল্লেখ করেছে।
একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে গণহত্যাকে সামরিক অভিযান বলে ব্যাখ্যার চেষ্টা করার অভিযোগও তুলেছে ভারত।ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা শুধু একটি নৃশংস হিংসার ঘটনা নয় বরং আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত।পাশাপাশি এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুতর হুমকি বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিজেদের অভ্যন্তরীণ সমস্যাকে আড়াল করতে পাকিস্তান বারবার সীমান্তের বাইরে অস্থিতিশীলতা তৈরি করার পথ বেছে নিচ্ছে।উল্লেখ্য কাবুলে দু’হাজার বেডের একটি বড় হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রকে ঘিরে এই হামলার অভিযোগ উঠেছে। আফগান প্রশাসনের দাবি, বিমান হামলার জেরে অন্তত ৪০০ মানুষের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ২৫০ মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণে হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।এরপরেই,বিষয়টি উঠেছে রাষ্ট্রসংঘেও।
নিরাপত্তা পরিষদের বৈঠকে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আফগান ভূখণ্ডে এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসঙ্ঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানেনি। তিনি বলেছেন, আফগানিস্তানের উপর বিমান হামলা শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, এটি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি সরাসরি অবমাননা।
