
ইজরায়েল-ইরান সংঘর্ষের পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েকঘণ্টার মধ্যেই মোদীকে নিজের মহান বন্ধু উল্লেখ করে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। ইজরায়েলের পাশে থাকার জন্য, সত্যের পাশে থাকার জন্য এবং ভারতের অগাধ ভরসার কারণে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন,ইজরায়েলের ভারত ও ভারতীয়দের প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে।যদিও দু’জনের ফোনালাপে ঠিক কোন কোন বিষয়ে কথা হয়েছে তা বিস্তারিত জানাননি নেতানিয়াহু।
তবে শুধু মোদী নয়, আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গেও যোগাযোগ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে এক সাক্ষাৎকারে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এটি দীর্ঘস্থায়ী কোনও যুদ্ধ নয়, বরং এই অভিযান আগামী দিনে শান্তির পথ খুলে দেবে।ইরানবিরোধী সামরিক অভিযানে কিছুটা সময় লাগলেও এটি বছরের পর বছর চলবে না। এই অভিযান অন্তহীন যুদ্ধ নয়, বরং শান্তির দিকে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ।







