
ককরোচ জনতা পার্টি’র প্রথম রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচিকে সরাসরি উল্লেখ না-করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এই বিক্ষোভকে কটাক্ষ করেছেন। শুধু তা-ই নয়, সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নাম না নিয়ে নিতিনের দাবি, বিদেশে বসে থাকা কিছু লোক মনে করেন যে তারা ভারতের যুবসমাজকে চালিত করতে পারেন।
তবে এটা ঠিক নয়। বিজেপির নেতার কটাক্ষ, ভারতের যুবসমাজ কখনও কারও হাতের পুতুল নয়। দিল্লির যন্তরমন্তরে সিজেপি-র ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনেকে। শুধু তরুণ প্রজন্ম নয়, প্রতিবাদ কর্মসূচির অগ্রভাগে দেখা গিয়েছে অনেক মধ্যবয়সি এবং প্রবীণদেরও।
নিটের প্রশ্নফাঁসের ঘটনাকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই ছিল এই প্রতিবাদ। সেই কর্মসূচিকে কটাক্ষ করেছেন নিতিন। তাঁর কথায়, ভারতের যুবসমাজ দেশ গঠনের কাজ করতে এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায়। কিন্তু কিছু শক্তি দেশের যুবকদের প্রতিষ্ঠানবিরোধী বানানোর চেষ্টা করছে।
