ইন্ডিগো : বিভ্রাটের মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি বিমানমন্ত্রীর

0
124
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সঙ্কট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্ডিগোর বিমান পরিষেবা। তবে শনিবারও ওই বেসরকারি বিমানসংস্থার বহু বিমান বাতিল করা হয়েছে।

দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ইন্ডিগোর বিমান পরিষেবা ধীরে ধীরে সচল হচ্ছে এবং স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে। বিমান যাত্রীদের অসুবিধা লাঘব করতে দেশ জুড়ে ৩৭টি ট্রেনে অতিরিক্ত ১১৬টি কামরা যুক্ত করেছে রেল।কী কারণে এই বিভ্রাট, তা অনুসন্ধান করতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। অন্য দিকে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নায়ডু রীতিমতো হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, যাঁরা এই বিভ্রাটের জন্য দায়ী, তাঁদের মূল্য চোকাতে হবে। তিনি বলেছেন, একটি কমিটি গঠন করা হয়েছে।কোথায় গলদ ছিল এবং তার জন্য কে দায়ী ছিল, ওই কমিটি তা খতিয়ে দেখবে।

সরকার ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে। তাই যাঁরা ইন্ডিগো বিভ্রাটের জন্য দায়ী, তাঁদের এর মূল্য চোকাতে হবে। উল্লেখ্য বিমান পরিষেবা এবং যাত্রীসংখ্যার নিরিখে ইন্ডিগো দেশের বৃহত্তম বিমানসংস্থা। সেই সংস্থার পরিষেবা বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছিলেন লক্ষ লক্ষ যাত্রী। শুক্রবার সারা দিনে ১০০০-এরও বেশি, বৃহস্পতিবার মোট ৫৫০টি উড়ান বাতিল করেছিল ইন্ডিগো।