
শনিবার সকালে ইঞ্জিন বিকল হওয়ার সন্দেহে ১৬১ জন যাত্রী-সহ ইন্ডিগোর একটি ফ্লাইট জরুরি অবতরণ করায় আচমকাই সম্পূর্ণ এমারজেন্সি ঘোষণা করা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
একটি রানওয়েতে বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে। জানা গিয়েছে, বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি উড়ানে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার জেরেই জরুরি অবস্থা জারি করতে হয়। বিমানটি অবতরণের আগে পাইলট ইঞ্জিনে সমস্যার আশঙ্কা করেন। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করে এবং জরুরি পরিষেবাগুলিকে প্রস্তুত রাখা হয়।
নিরাপত্তার স্বার্থে রানওয়েতে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরবর্তীতে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে এই জরুরি অবস্থার জেরে শোরগোল পড়ে গিয়েছে দেশের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে।
