
অস্ট্রেলিয়ার পর এবার কঠোর অবস্থানে ইন্দোনেশিয়া। শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া।
অস্ট্রেলিয়ার দেখানো পথ অনুসরণ করে ইন্দোনেশিয়াও ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের সীমা নির্ধারণ করছে।এক ঘোষণায় ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিদ বলেছেন, নতুন সরকারি নিয়ম অনুসারে উচ্চ ঝুঁকিপূর্ণ বিভিন্ন প্ল্যাটফর্মকে ২৮ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় থাকা ১৬ বছরের কম বয়সী সব অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে।মন্ত্রী হাফিদ বলেছেন,এ নিয়মটি ধাপে ধাপে কার্যকর হবে। শুরুতে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ,রোব্লক্স ও সিঙ্গাপুরভিত্তিক লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম,বিগো লাইভ-এর মতো মাধ্যমে চালু হবে।তিনি আরও বলেছেন, সব প্ল্যাটফর্মকে ইন্দোনেশিয়া সরকারের দেওয়া শর্ত ও বাধ্যবাধকতা মেনে চলতে হবে।
তবে এসব শর্ত ঠিক কী তা তিনি স্পষ্ট করেননি।এ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফেসবুকের মূল কোম্পানি মেটার একজন মুখপাত্র বলেছেন, তারা এখনও সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নীতি পাননি এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছেন।সোশ্যাল মিডিয়ায়র ওপর এমন ব্যাপক নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রথম দেশ হলেও বর্তমানে আরও অনেক দেশ একই পথ অনুসরণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।









