
ইন্দোনেশিয়ায় ৩ দিন নিখোঁজ থাকার পর অজগরের পেটের ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুলায়েসি প্রদেশের কালেম্পাং গ্রামে।
১৬ ফুটের একটি অজগরের পেট থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে বলে দাবি প্রশাসনের। মৃতের নাম ফরিদা। গ্রামপ্রধান সুয়ার্দি রোসি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে মহিলা নিখোঁজ ছিলেন। রাতে না ফেরায় তাঁর সন্ধানে খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়।এরপর সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলে ফরিদার কিছু জিনিস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখনই তাদের সন্দেহ হয়। জঙ্গলের ভিতরে ঢুকতেই তাঁরা দেখতে পান অজগরটিকে। সেটি নড়ার মতো অবস্থায় ছিল না। গ্রামবাসীদের সন্দেহ আরও দৃঢ় হয়। কারণ সুলায়েসি প্রদেশে এর আগেও এই রকম ঘটনা ঘটেছিল। এরপরই গ্রামবাসীরা অজগরের পেট কেটে ফেলার সিদ্ধান্ত নেন। অজগরের পেট কাটতেই ফরিদার দেহ বেরিয়ে আসে। বন দফতর জানিয়েছে, এই ধরনের ঘটনা খুবই বিরল। তবে ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক অতীতে এই রকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছরেই সুলায়েসির তিনানগিয়া জেলায় অজগরের পেট থেকে এক কৃষকের দেহ উদ্ধার হয়েছিল।








