
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্নুৎপাত শুরু হয়েছে। মঙ্গলবার থেকে উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াং-এ পর পর চার বার বিস্ফোরণ ঘটেছে।
আগ্নেয়গিরিটির জ্বালামুখ খুলে গিয়ে লাভাস্রোত ছড়িয়ে পড়েছে সংলগ্ন এলাকায়। আগ্নেয়গিরির কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ।স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, প্রায় ১১ হাজার মানুষকে সংলগ্ন এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকদের বলা হয়েছে, তারা যেন মাউন্ট রুয়াং থেকে অন্তত ৬ কিলোমিটার দূরত্ব বজায় রাখেন। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলক্যানোলজি এবং জিওলজিক্যাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অগ্নুৎপাত নিয়ে দেশে সতর্কতা জারি করেছে। বুধবার সুনামির সতর্কতাও জারি করা হয়েছে ইন্দোনেশিয়ায়।জানা গিয়েছে, মাউন্ট রুয়াং থেকে প্রায় ১০০০ ফুট উচ্চতা পর্যন্ত লাভাস্রোত দেখা গিয়েছে। ভূতত্ত্ববিদদের একাংশ মনে করছেন, বিপদ এখনই কাটছে না। ইন্দোনেশিয়ায় সম্প্রতি দু’টি ভূমিকম্প হয়। তার ফলে ভূগর্ভস্থ দু’টি পাতের স্থিতিস্থাপকতা নষ্ট হওয়াতেই এই অগ্ন্যুৎপাত বলে মনে করছেন তাঁরা।
