
শিশুদের হত্যা ও তাদের উপরে অকল্পনীয় অত্যাচার চালানোর অভিযোগে ইজরায়েলকে কালো তালিকাভূক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের বার্ষিক রিপোর্ট। ওই রিপোর্ট জানাচ্ছে, গত এক বছরে ইজরায়েলের বিরুদ্ধে মোট ৪১ হাজার ৩৭০টি অভিযোগের সত্যতা সম্পর্কে নিঃসংশয় হয়েছে রাষ্ট্রপুঞ্জ।
২০২৩ সালের ৭ অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় ধারাবাহিক ভাবে অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত ভূমধ্যসাগরের তীরবর্তী ওই প্যালেস্টাইনি ভূখণ্ডে ৫৫ হাজারেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
তাঁদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ শিশু। ইজরায়েলি সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শিশুদের উপর সরাসরি হামলার পাশাপাশি খাদ্য ও চিকিৎসা পরিষেবায় বাধা দেওয়ার প্রমাণও পেয়েছে রাষ্ট্রপুঞ্জ। পাশাপাশি, পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কেও বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা ধারাবাহিক ভাবে শিশুদের উপর হামলা চালাচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে।





