
বিষাক্ত কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশে অন্তত ২৪টি শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার খোঁজ মিলেছে পোকাধরা অ্যান্টিবায়োটিকের।
অভিযোগ, রাজ্যের এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুকে ওই পোকাধরা ওষুধ খেতে দেওয়া হয়েছিল। খবর প্রকাশ্যে আসতেই আরও একবার শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। সংবাদ সংস্থা-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গ্বালিয়র জেলার মোরার শহরের একটি সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটে। সেখানে চিকিৎসাধীন একটি শিশুকে অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যাজিথ্রোমাইসিন খেতে দেওয়া হয়েছিল।
ছেলেকে ওষুধ খাওয়ানোর সময় মা দেখেন, ওষুধের বোতলে পোকা কিলবিল করছে। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ওই মহিলা। এর পরেই হাসপাতালে মজুত করে রাখা অ্যাজিথ্রোমাইসিনের সমস্ত বাক্স সিল করে দেওয়া হয়। ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় ভোপালের একটি পরীক্ষাগারে।
