
অনেক ইনস্টাগ্রাম ইউজার সম্প্রতি তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের মেসেজ পাচ্ছিলেন। তবে অ্যাপটির সিস্টেমে কোনো হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ইনস্টাগ্রাম।
ব্লুস্কাইয়ের এক পোস্টে অ্যান্টিভাইরাস কোম্পানি ম্যালওয়্যারবাইটস বলেছিল, ইনস্টাগ্রামে বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, যেখানে ঝুঁকিতে রয়েছে পৌনে দু’ কোটি ইউজারের ব্যক্তিগত তথ্য। এ কারণে সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে পাসওয়ার্ড রিসেট করার অনুরোধ পেয়েছেন অনেক ইউজার।ওই পোস্টে ইনস্টাগ্রাম থেকে পাঠানো এক ইমেইলের স্ক্রিনশটও শেয়ার করেছিল ম্যালওয়্যারবাইটস,যেখানে ইউজারদের পাসওয়ার্ড রিসেট করার অনুরোধের বিষয়টি উঠে এসেছে। তবে এখন ইনস্টাগ্রাম বলছে,অ্যাপটিতে কোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি, যা ম্যালওয়্যারবাইটসের ওই পোস্টের একেবারে বিপরীত।ম্যালওয়্যারবাইটস আরও বলেছিল, ফাঁস হওয়া তথ্যের মধ্যে ইউজারদের ইউজার নেম, ঠিকানা, ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেসসহ আরও অনেক ব্যক্তিগত তথ্য রয়েছে। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য রাখা হয়েছে এবং এগুলোর অপব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।
তবে পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়া এক্স-এ এক পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, প্লাটফর্মটিতে এমন একটি ত্রুটি ঠিক করা হয়েছে, যার সুযোগ নিয়ে কিছু মানুষের কাছে পাসওয়ার্ড রিসেট করার ইমেইল পাঠাতে পারছিল থার্ড পার্টি।








